মুঘলরা শুধু ভারতবর্ষে প্রথম বারের মত আগ্নেয়াস্ত্র কিংবা কামানই আনেনি। মুঘলরা সাথে নিয়ে এসেছিল গোলাপ শোভিত গুলিস্তান। আরও সাথে নিয়ে এসেছিল মহামূল্য গ্রন্থ ও গ্রন্থাগার! শুধু অস্ত্র আর সৈন্য সামন্ত দিয়ে নয়, প্রজ্ঞা,জ্ঞান আর উদারতা দিয়ে ভারতের তৎকালীন পনের কোটিরও বেশী মানুষের মন জয় করতে পেরেছিল মুঘলরা । বাবুরের হাত ধরে যেই মুঘল সম্রাজ্যের পথচলা সেই মুঘল সম্রাজ্য শুধু সীমানাতেই বৃহৎ হয়েছিল তা নয় , ঐশ্বর্যেও ছাড়িয়ে গিয়েছিল দুনিয়ার সমকালিন অন্যান্য সব সম্যাজ্যকে। সেই সম্রাজ্যের সোনালী সুদিনের গল্পগাথা ছড়িয়ে ছিটিয়ে আছে ভারতবর্ষের নানা প্রান্তে। কালক্রমে নানা কারনে মুঘল সম্রাজ্যের জ্বল জ্বল আলোও ম্রিয়মাণ হতে লাগল। তারপর একদিন নিভে গেল নির্মম বিষাদের করুণ এক পরিনতি নিয়ে।